জুমার নামাজের পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। পরে মসজিদের সামনে নামাজে আগত শিশু কিশোরদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। এসময় এক শিশু প্রধানমন্ত্রীকে বলে বসল, ‘আঙ্কেল, আপনি রোজা রাখেন?’ শিশুটির সঙ্গে হাতে মিলিয়ে প্রধানমন্ত্রীও বললেন, ‘আমি? আমি তো রোজা রাখি।’
এরপর একে একে অন্য শিশুদের সঙ্গেও হাত মেলালেন প্রধানমন্ত্রী। কারও মাথায় হাত বুলিয়ে দিলেন। বললেন, ‘তোমরা রোজা রাখো?’ সমস্বরে শিশুদের জবাব, ‘আমরাও রাখি।’
আজ বনানীতে নৌ বাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে শিশু-কিশোদের সঙ্গে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী। লন্ডন থেকে দেশে ফেরার পর থেকে এই মসজিদেই জুমার নামাজ পড়ছেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, মসজিদে মহিলাদের জন্য আলাদা স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান নামাজ আদায় করেছেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময়ে শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ-খবর নেন। এসময় শিশুরা উচ্ছসিত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে।
এক শিশু প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে বলে, ‘আঙ্কেল আজকেটা ছাড়া সব রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, ‘তাই!’ অপর পাশ থেকে আরেক শিশু বলে ওঠে, ‘আঙ্কেল আমি সবগুলো রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তারও মাথায় হাত বুলিয়ে বললেন, ‘ভেরি গুড।’
প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে হাসি-খুশিতে মেতে ওঠে শিশুরা। পরে মসজিদ থেকে জুবাইদা রহমান বেরিয়ে আসলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে বলেন, আল্লাহ হাফেজ। এরপর শিশুদের উদ্দেশ্যে হাত নেড়ে বিদায় নিয়ে নিজের গাড়ির দিকে চলে যান প্রধানমন্ত্রী।
Reporter Name 








